যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৩৩

Passenger Voice    |    ১২:৪০ পিএম, ২০২৬-০২-২৭


যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৩৩

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তজুড়ে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ইসলামাবাদের পক্ষ থেকে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, তাদের বাহিনী ১৩৩ জন আফগান যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে কাবুল দাবি করেছে যে, তাদের অভিযানে ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তান আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বোমা হামলা চালালে পরিস্থিতির চরম অবনতি ঘটে। এর কয়েক ঘণ্টা আগেই আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালিয়েছিল। 

তালেবান সরকারের দাবি, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা এই পাল্টা হামলা চালিয়েছে। 

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী '‘অপারেশন গজব লিল–হক' শুরু করার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেন, 'আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে সম্মুখ যুদ্ধ শুরু হলো।'

সহিংসতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উভয় দেশের সামরিক বাহিনীই একে অপরের ডজনখানেক সৈন্য নিহতের দাবি করেছে, যার ফলে কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে স্ট্রাইকগুলোর সঠিক অবস্থান বা সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান দক্ষিণ দিকের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাক্তিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে, আফগানিস্তান জানায় যে গত রবিবার আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে তাদের সামরিক বাহিনী সীমান্তের ওপারে পাকিস্তানে হামলা চালিয়েছে। তারা এক ডজনেরও বেশি পাকিস্তানি সেনা চৌকি দখলের দাবি করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এই স্থল অভিযানে আটজন আফগান সৈন্যও নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা এএফপি-কে একজন আফগান কর্মকর্তা জানিয়েছেন, তোরখাম সীমান্ত পারাপারের কাছে পাকিস্তান থেকে ফিরে আসা ব্যক্তিদের একটি ক্যাম্পে একাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

নানগারহার প্রদেশের তথ্য প্রধান কোরেশি বাদলুন বলেন, 'একটি মর্টার শেল ক্যাম্পে আঘাত হেনেছে এবং দুর্ভাগ্যবশত আমাদের সাতজন শরণার্থী আহত হয়েছেন, যার মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।'

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী কাবুল, কান্দাহার এবং পাক্তিয়া প্রদেশে আফগান সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে দুটি ব্রিগেড বেস ধ্বংস করা হয়েছে, তবে সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো উল্লেখ করেনি। সূত্র: এনডিটিভি, এএফপি