রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

Passenger Voice    |    ১০:১৫ এএম, ২০২৬-০২-২৫


রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। যেখানে ৬ মাস শেষে ডিসেম্বর পর্যন্ত ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘাটতি বেড়ে যাচ্ছে ক্রমবর্ধমান হারে। যদিও ওই সময়ে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এনবিআর থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। অথচ এ সময় রাজস্ব আয়ের তিনটি খাতে রাজস্ব ঘাটতি ৬০ হাজার ১১৩ কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয় ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২.৯০ শতাংশ বেশি, গত অর্থবছরে একই সময়ে আদায় হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯১ কোটি টাকা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। আমদানি পর্যায়ে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা। ভ্যাট খাতে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৫০৬ কোটি টাকা।

একই সময়ে আয়কর খাতের লক্ষ্য ছিল ১ লাখ তিন হাজার ৯৮০ কোটি টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি-রপ্তানি শুল্কে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় মাত্র ৬২ হাজার ৮১৪ কোটি টাকা।

তবে ভ্যাটের আদায়ই সবচেয়ে বেশি। ওই সময়ে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা আদায় করেছে এনবিআর। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা।

একক মাস হিসেবে জানুয়ারি মাসে রাজস্ব আদায়েও মন্দা ভাব দেখা গেছে। এ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৫৪৫ দশমিক ৫৭ কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। ঘাটতি প্রায় সোয়া ১৫ হাজার কোটি টাকা। এ মাসে ১৮ হাজার ৫৭৪ কোটি ৫৭ লাখ টাকা আয়করের বিপরীতে আদায় ১৩ হাজার ১৭৫ কোটি টাকা, ভ্যাটে ২০ হাজার ৪৭৫ কোটি ৫৭ লাখ টাকার বিপরীতে আদায় ১৫ হাজার ২৭৭ কোটি টাকা আর শুল্কে ১৩ হাজার ৪৯৫ কোটি ৪৩ লাখ টাকার বিপরীতে আদায় ৮ হাজার ৫৮১ কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষ করবিষয়ক বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর: 
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করকে যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

১৫ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে ছক তৈরি করে এনবিআরের করনীতি শাখার কাছে (হার্ড কপি) সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। হার্ডকপির পাশাপাশি সরাসরি ই-মেইলের (taxpolicynbr@gmail.com) মাধ্যমেও প্রস্তাব-সুপারিশ পাঠানো যাবে। গতকাল এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এনবিআর জানায়, বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে মোট চারটি বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে–২০২৩ সালের আয়কর আইন; ২০২৪ সালের উৎসে কর বিধিমালা ও অন্যান্য বিধিমালা; ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। প্রত্যক্ষ করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ওই প্রস্তাবনা চাওয়া হয়েছে।

এনবিআরের চিঠিতে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করসংক্রান্ত আইন-বিধির ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে বলেও জানা যায়।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৯ লাখ: 
২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে প্রায় ৩৯ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।

অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ই-রিটার্ন দাখিলের সুবিধায় মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর আরও জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন হয়।

এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই ব্যাপক আগ্রহ দেশের করব্যবস্থাপনায় ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

প্যা/ভ/ম