শিরোনাম
Passenger Voice | ১০:৫১ এএম, ২০২৬-০২-২৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কেউ কেউ পুলিশের কাছে সশস্ত্র গানম্যান চাচ্ছেন। এ ব্যাপারে তারা নিজ নিজ জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন। গতকাল রবিবার দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে অনুষ্ঠিত মাঠ পুলিশের কর্মকর্তাদের এক অনলাইন সভায় বিষয়টি উঠে আসে।
সভায় আইজিপি চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে কঠোর আইন প্রয়োগ করতে বলেন।
পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত অনলাইন সভায় আইজিপি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখানে মাঠ পুলিশের একাধিক কর্মকর্তা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
সভায় আইজিপি বলেন, যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক-সংক্রান্ত অপরাধে জড়ালে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছেÑ এমন কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ যদি জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে ছাড় না দিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, যে কোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
হাইওয়েতে যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলেই হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। ফলে ঘটনাস্থলে পুলিশ যেতে যেমন বিলম্ব হয়, তেমনি ভুক্তোভোগীরাও সময়মতো পুলিশের সেবা থেকে বঞ্চিত হন। আইজিপি এই ঠেলাঠেলি বন্ধ করতে বলেছেন।
সভায় একজন রেঞ্জ ডিআইজি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে যেসব থানার ওসি পদায়ন করা হয়েছে, তাদের অনেকেরই এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কে ধারণা নেই। ফলে পুলিশিং কঠিন হয়ে পড়ে। ওই কর্মকর্তা দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন।
সভায় একজন জেলা পুলিশ সুপার বলেন, এমপিরা তাদের কাছে গানম্যান চাচ্ছেন। তখন আইজিপি বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে। তিনি এ ব্যাপারে এসবি প্রধান গোলাম রসুলকে কথা বলতে বলেন। তখন এসবি প্রধান বলেন, বিধি মোতাবেক এমপিদের গানম্যান দেওয়ার সুযোগ নেই। তবে দেশের যে কোনো নাগরিকের ব্যক্তি নিরাপত্তা বিবেচনায় গানম্যান দেওয়া যায়। সভায় আইজিপি বডিওর্ন ক্যামেরা ব্যবহার করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন।
জানা গেছে, গত বছরের ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। হাদিকে গুলির ঘটনার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি ও সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং প্রার্থীদের গানম্যান ও দেহরক্ষী দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।
পাশাপাশি এসব ব্যক্তিরা ব্যক্তিগত নিরাপত্তায় একজন করে বেসরকারি সশস্ত্র দেহরক্ষী নিয়োগ দিতে পারবেন। এ ছাড়া সীমিত সময়ের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও নিতে পারবেন। এ ব্যাপারে ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ জারি করে।
ওই নীতিমালা অনুযায়ী, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সংসদ সদস্য পদপ্রার্থীরা রিটেইনার (সশস্ত্র দেহরক্ষী) নিয়োগ করার সুযোগ পান। তখন অনেক সংসদ সদস্য প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তায় সশস্ত্র গানম্যান নিয়োগ দেন। এ ছাড়া কোনো কোনো সংসদ সদস্য পদপ্রার্থী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ করেন। নীতিমালা অনুযায়ী অনুমোদনকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সের মেয়াদ নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ হতে পরবর্তী ১৫ দিন হবে। উক্ত সময়ের পর এমন লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে লাইসেন্স প্রাপ্তির জন্য জারিকৃত নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, যেসব সংসদ সদস্য প্রার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে সশস্ত্র গানম্যান নিয়োগ দিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তারা সেই সশস্ত্র গানম্যান বা রিটেইনার বহাল রাখতে স্ব স্ব জেলার পুলিশ সুপারদের সঙ্গে যোগাযোগ করছেন। আবার নির্বাচনের আগে সশস্ত্র গানম্যান চেয়ে আবেদন না করা কোনো কোনো সংসদ সদস্য প্রার্থীও ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় এসপিদের কাছে গানম্যান চাচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত