শিরোনাম
Passenger Voice | ১০:৩৬ এএম, ২০২৬-০২-২১
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। শুক্রবার রাতে শহীদ মিনারে যাওয়ার পর এনসিপির একটি ইউনিটের নেতাকর্মীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ফুল ও ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হয়েছে তাদের।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত ২টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো মুখ চেনা নেতাকে দেখা যায়নি।
এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ছাড়েন।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে বেকায়দায় আছে গত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যেমন বার বার বাধা দেওয়া হয়েছে, দলীয় কার্যালয়ে একাধিকবার হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও দাবি জানিয়ে আসছে অভ্যুত্থানের পক্ষের কয়েকটি সংগঠন। বৈরী পরিবেশের মধ্যে জাতীয় পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারলেও কোনো আসনে জয় পায়নি দলটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত