শিরোনাম
Passenger Voice | ০৩:০৬ পিএম, ২০২৬-০২-২০
বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কোনো বিশেষ দেশের প্রতি অতি-নির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।’
এ সময় শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের মেরুদণ্ড সোজা রেখে বিদেশে একটি স্থিতিশীল এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, সরকার ভিসা সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও তিনি তার বলিষ্ঠ ভূমিকা বজায় রাখবেন বলেও এ সময় জানান তিনি।
শামা ওবায়েদ সকালে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে তিনি নগরকান্দায় পৌঁছান। সেখানে তাকে নগরকান্দা থানায় গার্ড অফ অনার দেওয়া হয়। পরে তিনি উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে তার পিতা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর নগরকান্দা ও সালথার বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এদিকে বিকেলে তিনি ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক কমিটির মিটিংয়ে যোগদান করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত