শিরোনাম
Passenger Voice | ০৬:১৩ পিএম, ২০২৬-০২-১৫
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
সৈয়দ হুমায়ুন কবির বাবু শেরপুর কৃষি ব্যাংকের নৈশপ্রহরী (নাইটগার্ড) বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় তিনি গাছে উঠে রশি দিয়ে গলায় ফাঁস নেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, হুমায়ুন কবির বাবু পারিবারিক কলহের জেরে মানসিকভাবে চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে- এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।
শেরপুর কৃষি ব্যাংকের আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক (এজিএম) আনন্দ মোহন গোপ জানান, কৃষি ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে তিনজন করে অস্থায়ী নাইটগার্ড রয়েছে। নিহত হুমায়ুন কৃষি ব্যাংকের সদর উপজেলার বাজিতখিলা ব্রাঞ্চের একজন অস্থায়ী নাইটগার্ড ছিলেন। রোস্টার ডিউটি অনুযায়ী শনিবার রাতে তার দায়িত্ব ছিল। রোববার সকালে হঠাৎ করে খবর পাই, তাকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গত চারদিন সরকারি ছুটি থাকায় ব্যাংকও বন্ধ ছিল। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের পরনে থাকা জ্যাকেটের পকেট থেকে ব্যাংকের গেটের চাবি বের করে পুলিশের উপস্থিতিতে ব্যাংক পরীক্ষা করি। সবকিছু ঠিকঠাক পাওয়া গেছে।
তিনি আরও বলেন, নিহতের পকেটে কয়েকটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তার বড় ছেলে মাদকাসক্ত হয়ে রিহ্যাবে রয়েছে উল্লেখ করে ১৭ হাজার টাকা বকেয়ার কথা লেখা ছিল। চিরকুটে তিনি লিখেছেন, ‘তুমি মাফ করে দিও, আমি টাকা পাঠাতে পারলাম না।’ এছাড়া পরিবারের দেনার কথাও উল্লেখ ছিল। তার মেয়ে কিছু টাকা পরিশোধ করেছেন বলেও জানা যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত