শিরোনাম
Passenger Voice | ০৬:৩৯ পিএম, ২০২৬-০২-১৪
নির্বাচন পরবর্তী সহিংসতায় ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দুই উপজেলার সীমান্তে ময়েনদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ ছাড়া আটকদের নাম-পরিচয়ও জানায়নি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও নির্বাচনে ভোট দেওয়া নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে সকাল ১০টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তবে এ বিষয়ে দুই পক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। পরে তাদের নেতাদের মোবাইলে কল করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে দেশি অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়। অভিযান অব্যাহত আছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত