ময়মনসিংহের নবনির্বাচিতদের হাতে সরকারি ফলাফল হস্তান্তর

Passenger Voice    |    ০২:০৬ পিএম, ২০২৬-০২-১৩


ময়মনসিংহের নবনির্বাচিতদের হাতে সরকারি ফলাফল হস্তান্তর

ময়মনসিংহের নবনির্বাচিত ১১ জন সংসদ সদস্যের হাতে নির্বাচনের আনুষ্ঠানিক সরকারি ফলাফল তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন। 

সরকারি ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাকির হোসেন বাবলু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলার অন্যান্য আসনের মধ্যে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামীর কামরুল হাসান এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ডা. মাহাবুবুর রহমান লিটন বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ-৮ আসনে নির্বাচিত হয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ। এ ছাড়া ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরকারি ফলাফল গ্রহণ করেছেন।

ফলাফল হস্তান্তর শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।