বাড়তি ভাড়া আদায়, দৌলতদিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Passenger Voice    |    ১০:৫৬ পিএম, ২০২৬-০২-১০


বাড়তি ভাড়া আদায়, দৌলতদিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ভোট যাত্রায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতদিয়া বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

এসময় নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পোড়াদাহ পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর  ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড  এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে বাড়ি ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় একটি পরিবহনকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

এসময় বাড়তি ভাড়া ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।