শিরোনাম
Passenger Voice | ০১:১৫ পিএম, ২০২৬-০২-১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশে সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন পুলিশ প্রধান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স–এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার বাহিনীও দায়িত্বে নিয়োজিত।
আইজিপি জানান, সারা দেশে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রে ঝুঁকি বেশি, যেখানে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। নিরাপত্তা বৃদ্ধি ও নজরদারির জন্য ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
আইজিপি আরও বলেন, “আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৬০৩ জন।” তিনি বলেন, নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরই রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ ও ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত