দুর্নীতিতে ১৩তম বাংলাদেশ

Passenger Voice    |    ১২:০৯ পিএম, ২০২৬-০২-১০


দুর্নীতিতে ১৩তম বাংলাদেশ

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশনস ইনডেক্স বা সিপিআই) ২০২৫ অনুযায়ী সূচকে অন্তর্ভুক্ত ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ২৪। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩তম, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে চতুর্থ সর্বনিম্ন স্কোর ও অবস্থান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়৷

এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে গত বছরের তুলনায় এ বছর ৪৮টি দেশের স্কোর বৃদ্ধি পেয়েছে, ৬৮টি দেশের স্কোর কমেছে এবং ৬৪টি দেশের স্কোর অপরিবর্তিত রয়েছে। 

সূচকের ০ থেকে ১০০ স্কেলে কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করেনি। বিশ্বের দুই তৃতীয়াংশ দেশ (১২২টি) এ বছর ৫০ এর কম স্কোর পেয়েছে। এবার বৈশ্বিক গড় স্কোর ৪২, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। 

২০১২ সাল থেকে এই সূচকে ৩১টি দেশের উন্নতি হলেও, ৫০টি দেশের অবনতি হয়েছে। সূচকে ৮৯ স্কোর পেয়ে ২০২৫ সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক, ৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং ৮৪ স্কোর পেয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। আর ৯ স্কোর পেয়ে যৌথভাবে তালিকার সর্বনিম্নে অবস্থান করছে দক্ষিণ সুদান ও সোমালিয়া, ১০ স্কোর পেয়ে নিম্নক্রম অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং ১৩ স্কোর পেয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া।

সিপিআই ২০২৫ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৪; যা গত বছরের তুলনায় ১ পয়েন্ট বেশি হলেও চৌদ্দ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। সূচকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই এক পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন- সংশ্লিষ্ট তথ্যসূত্রের মেয়াদভূক্ত ছিলো না। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে এক ধাপ ওপরে উঠে বাংলাদেশের অবস্থান ১৮২টি দেশের মধ্যে ১৫০তম এবং নিম্নক্রম অনুসারে গত বছরের তুলনায় এক ধাপ অবনতি হয়ে ১৩তম। 

একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫০তম অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। আর দক্ষিণ এশিয়ায় ১৬ পয়েন্ট ও উর্ধ্বক্রম অনুযায়ী ১৬৯তম অবস্থান নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে আফগানিস্তান। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

 

 

প্যা.ভ.ম