শিরোনাম
Passenger Voice | ১১:১১ এএম, ২০২৬-০২-১০
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা। কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেলো ঈদের মতো উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকেই কমলাপুর স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচেপড়া ভিড়। ট্রেন ধরতে আসা মানুষজনের চোখেমুখে ছিল আনন্দ ও প্রত্যাশার ছাপ। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে হাসি-ঠাট্টা আর হই-হুল্লোড় করে বাড়ি ফিরছেন তারা। অনেকের কাছে এই যাত্রা যেন ঈদে বাড়ি ফেরার মতো।
বাসের টিকিট না পাওয়ায় অধিকাংশ যাত্রী ট্রেন যাত্রা বেছে নিয়েছেন। তবে ট্রেনে আসন সংকট থাকায় অনেক যাত্রী দাঁড়িয়ে কিংবা ছাদে উঠে গন্তব্যে রওয়ানা হচ্ছেন। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্টেশনে দেখা গেছে, বেশ কয়েকটি ট্রেন আসন পূর্ণ থাকার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে। অনেকে ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন। এতে ঝুঁকি থাকলেও ভোটের টানে বাড়ি ফেরার আগ্রহই বেশি বলে জানান যাত্রীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, আমরা যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করছি। কিন্তু অতিরিক্ত চাপের কারণে সবাইকে নামানো সম্ভব হচ্ছে না। অনেকেই ভোটের কথা বলে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন। মানবিক দিক বিবেচনায় আমাদেরও কিছুটা ছাড় দিতে হচ্ছে।
ভোট নিয়ে উৎসবের আমেজ
ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে যাচ্ছেন আরিফা দম্পতি। রাজধানীর যাত্রাবাড়ীতে তাদের একটি ফার্মেসি রয়েছে। আরিফা বলেন, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দোকানের বেচাকেনাও কম, তাই গ্রামে যাচ্ছি। এবার প্রথমবার ভোট দেবো, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কমলাপুরে এসে দেখি আমার মতো শত শত মানুষ ভোট দিতে যাচ্ছে, ঈদের মতো লাগছে।
কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শহিদুল ইসলাম ও তার তিন বন্ধু। তিনি বলেন, এবারের নির্বাচন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা সবাই প্রথমবার ভোট দিতে যাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য এটা বড় সুযোগ।
খুলনায় যাচ্ছেন বিথীকা মজুমদার। স্বামী-সন্তান নিয়ে ভোট দিতে বাড়ি ফিরছেন তিনি। বিথীকা বলেন, শুনেছি প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি থাকবে। এতে ভোট সুষ্ঠু হবে বলে আশা করছি। আগে নানা কারণে ভোট দিতে পারিনি। এবার আর সুযোগ ছাড়তে চাই না। তিনি আরও জানান, ভোট দিয়ে ১৩ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরে আসবেন।
বাড়তি চাপ সামলাতে হিমশিম
রেলওয়ে সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত কোচ সংযোজন ও বিশেষ ব্যবস্থার চেষ্টা করা হলেও ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে।
সব মিলিয়ে ভোটের টানে গ্রামে ফেরা মানুষের ঢল রাজধানীতে তৈরি করেছে এক ভিন্ন আবহ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও উৎসাহে মুখর হয়ে উঠেছে কমলাপুরসহ দেশের বিভিন্ন টার্মিনাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত