চার জাহাজ কিনতে বাংলাদেশকে ২৪৮৬ কোটি টাকা ঋণ দিচ্ছে চীন

Passenger Voice    |    ১২:৩৮ পিএম, ২০২৬-০২-০৯


চার জাহাজ কিনতে বাংলাদেশকে ২৪৮৬ কোটি টাকা ঋণ দিচ্ছে চীন

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে আরও চারটি জাহাজ। জাহাজগুলো কিনতে চীন সরকারের সঙ্গে ১ দশমিক ৬৭ বিলিয়ন আরএমবি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ৪৮৬ কোটি টাকার একটি কাঠামো চুক্তি সই হয়েছে। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই চুক্তি স্বাক্ষর হয়। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘প্রকিউরমেন্ট অব নিউ ফোর ভ্যাসেলস’ প্রকল্পের আওতায় এই ঋণ দিচ্ছে চীন। বাংলাদেশ সরকারের পক্ষে  ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং চীন সরকারের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চুক্তিতে সই করেন। 

জানা গেছে, চারটি নতুন জাহাজের মধ্যে দুটি অপরিশোধিত তেল পরিবহনের জন্য ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার ও খাদ্যশস্য ও অন্যান্য পণ্য পরিবহনে মাদার বাল্ক ক্যারিয়ার দুটি। সহজ শর্তে চীন সরকার এই ঋণ দিচ্ছে। ঋণের সুদের হার ধরা হয়েছে ২ শতাংশ। ঋণ পরিশোধের পাঁচ বছরের রেয়াতকাল সুবিধা পাবে বাংলাদেশ।

ইআরডির  এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চারটি জাহাজ বিএসসির বহরে যুক্ত হলে রাষ্ট্রীয় পর্যায়ে পণ্য পরিবহনের সক্ষমতা বহু গুণ বাড়বে। বিশেষ করে ক্রুড অয়েল ট্যাঙ্কার দুটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। এটি বৈদেশিক মুদ্রার সাশ্রয় করার পাশাপাশি জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে।

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে আটটি জাহাজের মিশ্র বহর নিয়ে বিএসসি সমুদ্রপথে বিশ্বব্যাপী বাংলাদেশের পতাকা বহন করে চলেছে। 

 

প্যা.ভ.ম