শিরোনাম
Passenger Voice | ১১:০২ এএম, ২০২৬-০২-০৯
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনকারী মোংলা ও পায়রা বন্দরে বদলি করা ১৫ কর্মচারীর নামে চট্টগ্রাম বন্দরের বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বাসা বরাদ্দের আদেশ বাতিল করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক।
গত ৫ ফেব্রুয়ারি ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তে পদক্ষেপ চেয়ে নৌ পরিবহন সচিবকে চিঠি দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দাকে (এনএসআই) ওই চিঠিতে অনুরোধ করা হয়।
বাসা বরাদ্দ হওয়া কর্মচারীরা হলেন- চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের সমন্বয়ক মো. হুমায়ুন কবির, সমন্বয়ক ও শ্রমিক দলনেতা মো. ইব্রাহিম খোকন, মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবির, মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো. শামসু মিয়া, মো. লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রাব্বানী।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিক-কর্মচারীরা। প্রথম দুইদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতির কর্মসূচি পালন করে আসলেও তৃতীয় দিন থেকে লাগাতার আন্দোলন করে আসছে। এর মধ্যে গত বৃহস্পতি ও শুক্রবার দুইদিন কর্মসূচি স্থগিত করলেও রোববার থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে কর্মচারীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত