৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

Passenger Voice    |    ০৭:৪৪ পিএম, ২০২৬-০২-০৮


৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

৪৬তম বিসিএস পরীক্ষার (২০২৩) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৬ জানুয়ারি। গত বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪ হাজার ৪২ জন উত্তীর্ণ হন।

এর আগে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয় এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএস থেকে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন।

প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে। মোট ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে। এরপর অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।