নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ

Passenger Voice    |    ০৭:৩৪ পিএম, ২০২৬-০২-০৮


নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ

সংসদ নির্বাচন ঘিরে প্রতিবারের মতো এবারও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, রোববার থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “প্রতিবার ১ হাজার টাকা করে এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো কিংবা উত্তোলন করা যাবে।”

এদিকে অভ্যন্তরীণ আরেক নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহক প্রতি দৈনিক নগদ লেনদেন হবে সর্বোচ্চ এক লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।