শিরোনাম
Passenger Voice | ১২:৫০ পিএম, ২০২৬-০২-০৮
এক যাত্রীর দায়ের করা মামলায় উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডেরাল জুরির এই রায় ভবিষ্যতের হাজারো মামলার দিকনির্দেশ হতে পারে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জেইলিন ডিন নামের এক নারী ২০২২ সালের নভেম্বরে উবারে যাত্রার সময় ড্রাইভার কর্তৃক ধর্ষণের শিকার হন। ২০২৩ সালে তিনি উবারের বিরুদ্ধে মামলা করেন।
তার আইনজীবীরা বলেন, উবার “নিরাপদ যাত্রা”র প্রতিশ্রুতি দিলেও বাস্তবে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। এই ব্যর্থতার দায় কোম্পানিকেই নিতে হবে।
অ্যারিজোনার একটি ফেডেরাল আদালতে মামলাটি চলে। জুরি সিদ্ধান্ত দেয়, অভিযুক্ত ড্রাইভার ঘটনার সময় উবারের হয়ে কাজ করছিলেন। তাই তাকে উবারের “প্রতিনিধি” হিসেবেই ধরা হবে। এই ভিত্তিতেই কোম্পানিকে দায়ী করা হয়েছে।
তবে জুরি বলেনি যে উবার সরাসরি অবহেলা করেছে। কোম্পানির নিরাপত্তা ব্যবস্থার নকশাতেও ত্রুটি আছে— এমন অভিযোগও তারা মানেনি। শাস্তিমূলক অতিরিক্ত ক্ষতিপূরণও দেওয়া হয়নি। তারপরও ডিনকে ৮.৫ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ এসেছে।
ডিনের আইনজীবী র্যাচেল অ্যাব্রামস বলেন, “এটি শুরু মাত্র।” তার ভাষায়, এই রায় ভবিষ্যতের মামলাগুলোর জন্য বড় সংকেত। এটি ছিল একটি পরীক্ষামূলক মামলা। একই ধরনের প্রায় ৩ হাজার মামলা এখনো ফেডেরাল কোর্টে ঝুলে আছে। এই রায় দেখে উভয় পক্ষই পরবর্তী কৌশল ঠিক করবে।
উবার অনেক বছর ধরেই এমন অভিযোগের মুখোমুখি হচ্ছে। ২০১৮ সালের এক অনুসন্ধানে দেখা যায়, চার বছরে অন্তত ১০৩ জন উবার ড্রাইভারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।
২০১৯ সালে উবার নিজেই একটি নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২০১৭ ও ২০১৮ সালে প্রায় ৫,৯৮১টি যৌন নিপীড়নের অভিযোগ এসেছে। সর্বশেষ প্রতিবেদনে ২০২১ ও ২০২২ সালের তথ্য রয়েছে। সে সময় ২,৭১৭টি যৌন নিপীড়ন বা অসদাচরণের অভিযোগ রিপোর্ট হয়। উবারের দাবি, ৯৯.৯ শতাংশের বেশি যাত্রা কোনো নিরাপত্তা সমস্যা ছাড়াই শেষ হয়।
কোম্পানি বলছে, তারা নিরাপত্তা বাড়াতে নানা ব্যবস্থা নিয়েছে। যাত্রার লাইভ লোকেশন শেয়ার করা যায়। ড্রাইভারদের নিয়মিত ব্যাকগ্রাউন্ড চেক হয়। রাইড চলাকালে অডিও রেকর্ড করার সুবিধাও আছে। নারী যাত্রীরা চাইলে নারী ড্রাইভারও বেছে নিতে পারেন।
তবু সমালোচনা থামেনি। অনেকে মনে করেন, প্ল্যাটফর্মভিত্তিক এই ব্যবস্থায় ঝুঁকি থেকেই যায়। উবার জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। কোম্পানির এক মুখপাত্র বলেন, জুরি অবহেলার অভিযোগ মানেনি। তারা এটাকেই নিজেদের পক্ষে ইতিবাচক দিক হিসেবে দেখছে।
ফেডেরাল মামলার বাইরে ক্যালিফোর্নিয়া রাজ্য আদালতেও প্রায় ৫০০টি আলাদা মামলা চলছে। সব মিলিয়ে ভবিষ্যতে উবারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে।
ডিনের আরেক আইনজীবী বলেন, “এ লড়াই এখনো শেষ হয়নি।” তার মতে, হাজারো ভুক্তভোগী এখনো ন্যায়বিচারের অপেক্ষায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত