নবম পে-স্কেলের দাবিতে যমুনা অভিমুখী মিছিলে লাঠিচার্জ, আহত হয়ে ঢামেকে ৬

Passenger Voice    |    ০৪:৩৬ পিএম, ২০২৬-০২-০৬


নবম পে-স্কেলের দাবিতে যমুনা অভিমুখী মিছিলে লাঠিচার্জ, আহত হয়ে ঢামেকে ৬

সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে যমুনা অভিমুখী মিছিলে বাধা দেয় পুলিশ। পরে লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে অন্তত ছয়জন সরকারি কর্মচারী আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- সরকারি কর্মচারী আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), তন্ময় (৩২), জাকারিয়া (৬০) ও মো. সিকান্দার (৪০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. কালাম হাওলাদার ও মো. মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি মিছিল কর্মসূচি ছিল। মিছিলটি শাহবাগ অতিক্রম করার আগ মুহূর্তে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

তারা আরও জানান, পুলিশের ওই অভিযানে তাদের ছয়জন সহকর্মী আহত হন। আহতদের সবার কোমরের নিচের অংশে ব্যথা রয়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরের দিকে শাহবাগ থেকে আহত অবস্থায় ছয়জন সরকারি কর্মচারীকে হাসপাতালে জরুরিভাবে আনা হয়েছিল। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।