শিরোনাম
Passenger Voice | ০৬:৫৪ পিএম, ২০২৬-০২-০৫
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা নিয়ে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে শ্রমিকদের পক্ষে বেশকিছু দাবি তুলে ধরা হয়। এসময় তারা বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি, ১৬ কর্মচারীর বদলিসহ শাস্তি প্রত্যাহার, বন্দরের স্বার্থ-বিরোধী কোনো চুক্তি না করা এবং ডিপি ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনা যাবে না দাবি জানান তারা।
শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এখানে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সরকারের। সরকার বিষয়টি দেখছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আলাপ করে বিষয়টি শ্রমিকদের জানানো হবে। তবে এসময় উপদেষ্টা এ-ও হুঁশিয়ারি দেন যে, আগামীকাল শুক্রবার থেকে যে কোনো কর্মসূচি সরকার কঠোরভাবে দমন করবে।
শ্রমিকরা উপদেষ্টার কথার পরিপেক্ষিতে দুদিন কর্মসূচি স্থগিত করেন। এর মধ্যে সরকারের সিদ্ধান্তের পরিবর্তন না হলে, কর্মচারীদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার না হলে রোববার থেকে আবার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, নৌ পরিবহন উপদেষ্টা আমাদের দাবি সরকারকে জানাবেন বলেছেন। তিনি আমাদের আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের শাস্তিমূলক বদলি আদেশ স্থগিত করবেন বলেছেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছি আমরা।
গত শনিবার (৩১ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং মঙ্গলবার থেকে টানা অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রভাবে কার্যত দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি, টার্মিনাল, শেড, ইয়ার্ডে টানা অচলাবস্থা তৈরি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত