রমজানে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরিতে লাইটার জাহাজ ব্যবহার: দুদকের অভিযান

Passenger Voice    |    ০২:৫৩ পিএম, ২০২৬-০২-০৩


রমজানে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরিতে লাইটার জাহাজ ব্যবহার: দুদকের অভিযান

রমজান মাসে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি ও দাম বাড়াতে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন চট্টগ্রামের আমদানিকারকরা। বিষয়টি খতিয়ে দেখতে এবার সরাসরি অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি ও অসৎ উদ্দেশ্যে দাম বাড়ানোর অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, আমদানিকারকরা ইচ্ছাকৃতভাবে লাইটার জাহাজ থেকে দীর্ঘদিন পণ্য খালাস না করে সেগুলোকে নদী ও সমুদ্রে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন।

দুদক জানিয়েছে, পণ্য পরিবহনে লাইটার জাহাজ ব্যবহার করা হয়। এসব লাইটার জাহাজের নিয়ন্ত্রণ ও তদারকিতে যে অস্পষ্টতা রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে বিদ্যমান আইন ও বিধির আলোকে লিখিত জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি অভিযানে সংগৃহীত
রেকর্ডপত্র ও বক্তব্য পর্যালোচনা করা হবে এবং অভিযোগের বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং দুর্নীতি দমন কমিশনের কাছে শীঘ্রই এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করা হবে।


প্যা/ভ/ম