মাদারীপুরে ট্রাক খাদে পড়ে ২ মৌচাষি নিহত

Passenger Voice    |    ০৪:১৭ পিএম, ২০২৬-০২-০২


মাদারীপুরে ট্রাক খাদে পড়ে ২ মৌচাষি নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়কের পাশে একটি ট্রাক খাদে পড়ে দুই মৌচাষি নিহত হয়েছেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বলে ধারণা পুলিশের। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল-রশিদ।

নিহতরা হলেন- জামালপুরে সরিষাবাড়ী উপজেলার আমজাদ হোসেনের ছেলে রানা হোসেন (২৭) এবং একই উপজেলার মুক্তার হোসেনের ছেলে লিখন আহমেদ (১৮)।

ওসি মামুন আল-রশিদ বলেন, ট্রাকে কৃত্রিমভাবে মধু চাষ করা একটি গাড়ি ঢাকা থেকে বরিশালে যাচ্ছিল। ভোরে পথে মৌচাকের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মৌচাষি মারা যান।

খবর পেয়ে সকালে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দুজনের লাশ এবং ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ঘটনায় পর পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের কাছে লাশ হস্তান্তর ও এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মামুন আল রশিদ।