শিরোনাম
Passenger Voice | ১১:৫৭ এএম, ২০২৬-০২-০২
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে চার লাখ ৬৪ হাজার ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিয়েছেন। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সোমবার সকাল ১১টা পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে তাদের কাছে।
পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২২ হাজার ৩১৫ প্রবাসী।
তাদের ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পোঁছালেই কেবল সেটি গণনায় আসবে। দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এর জন্য সোমবার সকাল পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন।
এর মধ্যে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন, যাদের মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটদান সেরেছেন। আর তাদের ২৯ হাজার ৩৩৪ জন ব্যালট ডাক অফিসে জমা দিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত