শিরোনাম
Passenger Voice | ১০:৫৬ এএম, ২০২৬-০২-০১
রাজশাহীতে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা সুমন নামে ওই ছেলেকে আটক করে পুলিশে দেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মাদকাসক্ত ছিল। রাতে নেশার টাকার জন্য মা সোহাগীকে চাপ দেয়। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধারালো হাঁসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান। পরে মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয় সুমন। বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা ওই ঘর থেকে ঘাতক সুমনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় নিহত সোহাগীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জানতে চাইলে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশে এই কর্মকর্তা।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত