শিরোনাম
Passenger Voice | ০৫:৪৮ পিএম, ২০২৬-০১-৩১
সিরাজগঞ্জে জনসভা শেষে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকাল সাড়ে ৪টায় তার গাড়িবহর সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকা ত্যাগ করে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান।
বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে।”
সমাবেশে টাঙ্গাইলের আটটি আসনের দলীয় প্রার্থী উপস্থিত রয়েছেন। তারা হলেন— ফকির মাহবুব আনাম (টাঙ্গাইল-১), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), এস এম ওবায়দুল হক (টাঙ্গাইল-৩), লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), রবিউল আওয়াল (টাঙ্গাইল-৬), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭) ও আহমেদ আযম খান (টাঙ্গাইল-৮)। দীর্ঘ ২১ বছর পর শনিবার টাঙ্গাইল সফরে আসছেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার এলেও কোনো জনসভায় বক্তব্য দেননি।
উত্তরাঞ্চলের তিন দিনের সফরে বৃহস্পতিবার রাজশাহী আসেন তারেক রহমান। মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশের পর নওগাঁর এটিম মাঠ এবং বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। দ্বিতীয় দিন রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর রংপুরের কলেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশ করেন তারেক। তৃতীয় দিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভা শেষে তিনি ঢাকায় ফিরবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত