শনিবার থেকে বন্দরের অপারেশনার কার্যক্রম বন্ধ রাখবে শ্রমিক দল

Passenger Voice    |    ১১:১৮ এএম, ২০২৬-০১-৩০


শনিবার থেকে বন্দরের অপারেশনার কার্যক্রম বন্ধ রাখবে শ্রমিক দল

চট্টগ্রাম বন্দরকে বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না করলে শনিবার (৩১ জানুয়ারি) থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরের আগ্রাবাদের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রমিক দলের নেতারা। এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মূল ভবনে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক শ্রমিক। তারা ‘গো ব্যাক, গো ব্যাক, ডিপি ওয়ার্ল্ড’ স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ও অপ্রশাসিক কার্যক্রম বন্ধ থাকবে।

যদি এর মধ্যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করে, বন্দর বেসরকারীকরণ হবে না বলে ঘোষণা না দেয়, তাহলে রবিবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধও হতে পারে। 

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি বিদেশী প্রতিষ্ঠান ডিপি ওয়াল্ডকে লীজ দেওয়ার কার্যক্রম প্রায় সম্পন্ন করে রাখা হয়েছে। এর প্রতিবাদে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল (সাবেক সিবিএ) ও চট্টগ্রাম বন্দর জাতীয়তবাদী শ্রমিক দলের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম নেতা ইব্রাহীম খোকন ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ) এর অন্যতম নেতা মো. হুমায়ুন কবীর। 

সভায় বক্তারা আরও বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি কর্তৃপক্ষ ও সরকার অত্যাধুনিক টামিনাল লিজ দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে ফেলেছে। কর্তৃপক্ষ ও সরকারকে এহেন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য চূড়ান্তভাবে আহবান জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

ওই সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকদল (সাবেক সিবিএ)’র অন্যতম নেতা মোজাহের হোসেন শওকত চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের অন্যতম নেতা হুমায়ুন কবির আনোয়ারুল আজিম রিংকু, আবুল কালাম আজাদ, আবদুর রউফ লিটন শেখ ছানুয়ার মিয়া, শামসুর রহমান স্বপন, আকতার হোসেন, মঞ্জুরুল পারভেজ সুমন, শফিকুল ইসলাম, মোস্তফা চৌধুরী, শফিকুল ইসলাম অ্যাডভোকেট হুমায়ুন কবীর, আবদুল্লাহ আল মামুন, মোশাররফ হোসেন, মির্জা হামিদুল আকতার, শামছু মিয়া টুকু, খন্দকার মাসুদুজ্জামান, খন্দকার রাজু আহমেদ, সোহাগ হোসেন, সাহাব উদ্দিন, শাহজাহান সিরাজ, দিদারুল আলম সহ প্রমুখ।