শিরোনাম
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২৬-০১-২৮
প্রায় দেড় দশক বিরতির পর আবারও চালু হচ্ছে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করছে। ট্রানজিট ঝামেলা না থাকায় যাত্রার সময় কমবে উল্লেখযোগ্যভাবে, আর ভাড়া কমতে পারে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।
প্রাথমিকভাবে সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে করাচি ১,৪৭১ মাইল পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব সিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটের ৮০% এর বেশি সিট বুকড। তিনি বলেন, আগে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ঘুরে যেতে হতো, যা সময় ও খরচ দুই-ই বাড়াতো। এখন যাত্রা হবে দ্রুত ও ঝামেলাহীন।
ভাড়া কমবে, সময়ও বাঁচবে
সরাসরি ফ্লাইট চালুর ফলে রাউন্ড ট্রিপে যাত্রীদের খরচ কমে সর্বনিম্ন ৫১ হাজার টাকা হতে পারে, যা আগে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেশি পড়ত।
সম্পর্ক, বাণিজ্য ও পর্যটনে সম্ভাবনা
বিশেষজ্ঞরা বলছেন, এই রুট চালু হওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগ বাড়বে। দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, যাত্রী পরিবহনের পাশাপাশি এই রুটে কার্গো পরিবহনেরও বড় সুযোগ রয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত পাকিস্তান পর্যটন খাত থেকে প্রতিবছর ৩০–৪০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে। ফলে বাংলাদেশি পর্যটকদের জন্যও নতুন গন্তব্য হিসেবে করাচি আকর্ষণীয় হতে পারে।
পুরোনো রুটের পুনর্জাগরণ
নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি ফ্লাইট বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর এ রুট পুনরায় চালু হওয়াকে দুই দেশের আকাশপথে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত