শিরোনাম
Passenger Voice | ০১:২২ পিএম, ২০২৬-০১-২৭
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী এবং সমর্থক জড়ো হতে শুরু করেছেন।
সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, জনসভা আয়োজনের জন্য ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের মাঝখানে বড় এলইডি স্ক্রিন, দু’পাশে দলীয় ব্যানার, বাঁ পাশে লেখা ‘আই হ্যাভ এ প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’ স্থাপন করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা আড়াইটার দিকে মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেবেন তারেক রহমান।
জনসভাস্থল ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিএসএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সার্কিট হাউস মাঠ ও আশপাশে ২০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকেই ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর থেকে নেতা–কর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে শুরু করেছেন। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলো দলীয় পোস্টার, ফেস্টুন ও ব্যানারে সাজানো হয়েছে।
জামালপুরের মেলান্দহ থেকে আগত বিএনপি কর্মী নজর আলী (৫২) বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসে করে ৪০–৫০ জন একসাথে এসেছি। সকাল থেকেই এখানে রয়েছি নেতাকে কাছ থেকে দেখার জন্য। ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের আবদুল লতিফ সরকার বলেন, আমি সক্রিয় রাজনীতি করি না। তবে তারেক রহমানকে এক নজর দেখার আগ্রহেই এখানে এসেছি।
সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। জনসভায় তিনি ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। দলীয় নেতাদের আশা, আজকের জনসভা শুধুমাত্র সার্কিট হাউস মাঠেই সীমাবদ্ধ থাকবে না পুরো ময়মনসিংহ নগরীতে এটি বিপুল জনসমুদ্রে রূপ নেবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত