২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের নির্বাচনি সফর মঙ্গলবার

Passenger Voice    |    ০৫:৫৬ পিএম, ২০২৬-০১-২৬


২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের নির্বাচনি সফর মঙ্গলবার

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। মঙ্গলবার তারেক রহমান ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, “সড়কপথে মঙ্গলবার বেলা ২টায় তারেক রহমান ময়মনসিংহে পৌঁছে সার্কিট হাউজ মাঠের সমাবেশে অংশ নেবেন।” সমাবেশ সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। শরিফুল আলম বলেন, “এর আগে ২০০৩ সালে তারেক রহমান এসেছিলেন। উনার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বাসিত। সার্কিট হাউস মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।”

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ -৪ সদর আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন এ সময় উপস্থিত ছিলেন।