সরস্বতী পূজা আজ

Passenger Voice    |    ১১:১৮ এএম, ২০২৬-০১-২৩


সরস্বতী পূজা আজ

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশের বিভিন্ন মন্দির ও অস্থায়ী মণ্ডপে আজ হিন্দু ধর্মাবলম্বীরা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করবেন। দেশের সবচেয়ে বড় আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ শুক্রবার ভোর ৬টায় প্রতিমা স্থাপন হবে। পূজা আরম্ভ হবে সকাল ৮টায়, পুষ্পাঞ্জলি প্রদান শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। প্রসাদ বিতরণ হবে বেলা ১১টায়।

সরস্বতী পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। এক যৌথ বিবৃতিতে হিন্দু সম্প্রদায়ের এই নেতারা বলেন, ‘সরস্বতী শান্তির বার্তাবহ। এ দিনের তাৎপর্য ও চেতনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলে কোথাও হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের অস্তিত্ব থাকার কথা নয়।’ সবার পূজার আয়োজন সার্থক হওয়ার কামনা করে তারা বলেন, ‘বাগদেবীর আরাধনা যেন জ্ঞান-বিজ্ঞানের চর্চার পথ সুগম করে এবং মানুষের মনের অন্ধকার দূর করতে সহায়ক হয়। সরস্বতী পূজায় প্রার্থনা হোক, আমরা সবাই যেন আলোর পথে এগিয়ে যেতে পারি।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে এবার ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে জগন্নাথ হলে গিয়ে দেখা যায়, প্রতিমা কারিগররা শেষ সময়ে তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যস্ত। রাতের মধ্যে সব প্রতিমা বুঝিয়ে দেওয়া হবে বলে জানান ৩১ বছর ধরে জগন্নাথ হলে সরস্বতী পূজার প্রতিমা নির্মাণের অন্যতম কারিগর শ্রীপতি পাল। তিনি খবরের কাগজকে বলেন, ‘আমরা গোপালগঞ্জ থেকে এসেছি সাতজনের একটি দল নিয়ে। এবার সব মিলিয়ে ৫০টির মতো প্রতিমা তৈরি করা হয়েছে।’

প্যা.ভ.ম