শিরোনাম
Passenger Voice | ০২:৩৪ পিএম, ২০২৬-০১-২২
সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবী, আইনজীবী সহকারী এবং সংশ্লিষ্ট মামলার হলফকারী ছাড়া অপ্রত্যাশিত যে কোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়। বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচার কার্য পরিচালনা করে থাকেন।
"ফলে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ, মামলা পরিচালনায় নিযুক্তীয় আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।"
এই কোর্টে আসা অপ্রত্যাশিত ব্যক্তি সুপ্রিম কোর্টের ভবন, বারান্দা ও কোর্ট রুমে প্রবেশ করছেন যা আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জানিয়ে বলা হয়,, “সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ভবনে আইনজীবী, আইনজীবী সহকারী এবং সংশ্লিষ্ট মামলার হলফকারী ব্যতীত অপ্রত্যাশিত যে কোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত করা হল।” এ আদেশ ২১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত