কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে: তারেক রহমান

Passenger Voice    |    ০২:৩৩ পিএম, ২০২৬-০১-২২


কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কী করবে সবাই বুঝে গেছে। যারা বলছেন, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন– তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছে।’

বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘কিছুদিন দেখছি, দেশের কোনও কোনও মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একইরকম ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।’

বেকারদের কর্মসংস্থান ও কৃষির উন্নয়নের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘মা-বোনদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করলে খাল খনন করা হবে। আমরা আবার খাল খনন কর্মসূচি করতে চাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে এই সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করলো বিএনপি। এ উপলক্ষে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভা শুরু হয়। বুধবার রাত থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা সভাস্থলে অবস্থান করছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ১১টায় জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা হন।  ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


প্যা.ভ.ম