শিরোনাম
Passenger Voice | ০৩:৪৯ পিএম, ২০২৬-০১-২১
দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মানদানার বিয়ে ঘিরে দীর্ঘদিন ধরে যে গুঞ্জন চলছে সেটি এবার শেষ হতে চলেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরের একটি প্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই জুটি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিয়ে নিয়ে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রাশমিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থাপিকা বিয়ে নিয়ে প্রশ্ন করায় রাশমিকা বলেন, “এই গুঞ্জন চার বছর ধরে চলছে। মানুষ বারবার একই প্রশ্ন করছে, সবাই একই জিনিসের অপেক্ষায়।” সময় হলে বিয়ের বিষয়টি সামনে আনবেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, “সত্যি বলতে, সময় হলে আমি এ বিষয়ে কথা বলব। যখন বলা উচিত হবে, তখনই বলব।”
সম্প্রতি নতুন বছর উদযাপনে বিজয় ও রাশমিকাকে রোমে দেখা গেছে। যদিও তারা একসঙ্গে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেননি, কিন্তু একই জায়গা থেকে তোলা ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে পরিবার-পরিজনের উপস্থিতিতে বাগদান সেরে ফেলেছেন এই জুটি। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হতে পারে। অনুষ্ঠানে কোনো তারকা আমন্ত্রিত থাকবেন না, এটি হবে শুধু ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে।
২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা। সামনে রাশমিকার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ককটেল ২’ এবং ‘মাইসা’ নামের দুইটি সিনেমা।
অন্যদিকে বিজয়কে সবশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’-এ। মুক্তির অপেক্ষায় অভিনেতার ‘রাউডি জানার্ধন’, যেটি পরিচালনা করেছেন রাভি কিরণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত