শিরোনাম
Passenger Voice | ০৩:১৪ পিএম, ২০২৬-০১-২১
চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলের ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল জেটিতে বার্থিং করার সময় এলপিজি গ্যাস বহনকারী একটি জাহাজ নিয়ন্ত্রণ হারায়। তবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে জাহাজ ও জেটি। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এলপিজি গ্যাস বহনকারী জাহাজটির নাম ‘গ্যাস হারমনি’। জাহাজটিতে ৫১৫ মেট্রিক টন প্রোপেন ও ৪ হাজার ৫৭০ মেট্রিক টন বিউটেন রয়েছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ আজিজুল মাওলা বলেন, ‘গ্যাস বহনকারী জাহাজটি ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল জেটিতে বার্থিং করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে অবস্থিত কাফকো অ্যামোনিয়া জেটিতে আঘাত হানার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। এসময় জাহাজটিতে কর্তব্যরত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নৌ বিভাগের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ যথাসময়ে জাহাজের নোঙর ও টাগবোট ব্যবহার করেন। ফলে জাহাজের গতি কমে ও দিক পরিবর্তিত হয়ে শেষ পর্যন্ত জেটি কাঠামো থেকে আনুমানিক ১দশমিক২ মিটার দূরত্বে জাহাজটিকে থামাতে সক্ষম হন। অন্যথায় ভয়াবহ দুর্ঘটনা ঘটত, যার ফলে জনমালের ক্ষতি সহ জেটি ও চ্যানেলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল।’
চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাযথ নির্দেশনা প্রদান করেন।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত