শিরোনাম
Passenger Voice | ১১:১৮ এএম, ২০২৬-০১-২০
গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুটি আরোহী এক চিকিৎসকের প্রাণ গেছে। কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় সোমবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন। নিহত ৩৮ বছর বয়সী মিশুক ভট্টাচার্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার পিন্টু ভট্টাচার্যের ছেলে।
তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন এবং নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিশুক ভট্টাচার্য সোমবার সন্ধ্যায় তার কর্মস্থল থেকে স্কুটি চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান বলছেন, কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৪০ মিনিটে মিশুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জাকির হোসেন জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত