শিরোনাম
Passenger Voice | ০১:০৪ পিএম, ২০২৬-০১-১৯
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৫ সালে ৫৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের তথ্যানুযায়ী এসব দুর্ঘটনায় ৬৪ জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৬১ জন। স্থানীয়রা বলছেন, পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ বাড়লেও সড়ক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এতে সড়ক দুর্ঘটনা বেড়েছে।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ সহজ হয়। তবে এই সুবিধার সঙ্গে সঙ্গে ভাঙ্গা উপজেলায় দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা এখন দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, পদ্মা সেতু চালুর পর ঢাকামুখী যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে ছাড়া অন্যান্য মহাসড়ক এখনো দুই লেনের। এতে ঝুঁকি বাড়ছে। এর সঙ্গে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল করে। এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচলও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর মুন্সী বলেন, ‘পদ্মা সেতু চালুর পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার গাড়ি ভাঙ্গার ওপর দিয়ে চলাচল করছে। গাড়ির সংখ্যা বেড়েছে। কিন্তু সড়ক ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। তাই দুর্ঘটনা বেড়েছে।’
আরেক বাসিন্দা মানিক শেখ বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ। কিন্তু ভাঙ্গার বিভিন্ন সড়কে এসব যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।’
বাসচালক আক্কাছ বলেন, ‘রাস্তাঘাটের বেহাল তার সঙ্গে অবৈধ মাহিন্দ্রা ও ইজিবাইক চলাচলের কারণেই দুর্ঘটনা বেশি ঘটে।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘বেশির ভাগ দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি দায়ী। ঝুঁকিপূর্ণ ওভারটেকিংও বড় কারণ। অনেক চালক ট্রাফিক আইন মানেন না। অবৈধ থ্রি-হুইলার চলাচল এবং সড়কের নাজুক অবস্থাও দুর্ঘটনা বাড়াচ্ছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি আটক করা হচ্ছে। গতি নিয়ন্ত্রণে স্পিড মনিটরিং চলছে। চালকদের সচেতন করতে মামলা ও সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত