ইসির আপিল শুনানির শেষ দিনে উপস্থিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Passenger Voice    |    ০৫:৪৩ পিএম, ২০২৬-০১-১৮


ইসির আপিল শুনানির শেষ দিনে উপস্থিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর গত শনিবার (১০ জানুয়ারি) থেকে আবেদনগুলোর শুনানি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (১৮ জানুয়ারি) চলছে আপিল শুনানির শেষ দিন। শেষ দিনের শুনানির দ্বিতীয়ার্ধে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে শেষ দিনের শুনানি নিচ্ছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিচ্ছেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিলের শুনানি হবে। পাশাপাশি অপেক্ষমাণ থাকা আপিলগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

এনসিপির মিডিয়া সেলের সমন্বয়ক মাহবুব আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এর মধ্যে শনিবার (১৭ জানুয়ারি) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। উল্লেখ্য, ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শেষ দিন আজ ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।