শিরোনাম
Passenger Voice | ১১:৩৪ এএম, ২০২৬-০১-১৬
টানা ষষ্ঠ বছরের মতো ২০২৫ সালে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার অবস্থান দখলে রেখেছে টয়োটা মোটর করপোরেশন। এবারো বিক্রির দিক থেকে প্রতিদ্বন্দ্বী ফক্সওয়াগন এজিকে পেছনে ফেলেছে জাপানি কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত টয়োটার বিক্রয় পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর জাপান টুডে।
গত বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিশ্বজুড়ে মোট ১ কোটি ৩২ লাখ গাড়ি বিক্রি করেছে টয়োটা। অন্যদিকে ফক্সওয়াগন ডিসেম্বর পর্যন্ত বছরজুড়ে ৮৯ লাখ ৮০ হাজার গাড়ি বিক্রি করেছে, যা ২০২৪ সালের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। অর্থাৎ টয়োটার নভেম্বর পর্যন্ত বিক্রিই ফক্সওয়াগনের পুরো বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।
২০২০ সাল থেকে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার স্থান ধরে রেখেছে টয়োটা। কোম্পানিটির সম্মিলিত বিক্রির হিসাবে ছোট আকারের গাড়ি নির্মাতা দাইহাৎসু মোটর ও ট্রাক প্রস্তুতকারী হিনো মোটরস লিমিটেডও অন্তর্ভুক্ত। এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে স্থিতিশীল চাহিদা, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা টয়োটার সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত বছর বড় বাজার চীনে ফক্সওয়াগনের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে জার্মান কোম্পানিটিকে বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। চীনে ফক্সওয়াগন প্রায় ২৬ লাখ ৯০ হাজার গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ কম। স্থানীয় গাড়ি নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণেই কোম্পানিটির গাড়ি বিক্রিতে এ পতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর আমেরিকায়ও ফক্সওয়াগনের বিক্রি কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে সেখানে বিক্রি ১০ দশমিক ৪ শতাংশ কমেছে। তবে ইউরোপের বাজারে ফক্সওয়াগন তুলনামূলক ভালো ফল করেছে, যা সামগ্রিক ক্ষতি কিছুটা সামাল দিতে সহায়তা করেছে।
সব মিলিয়ে বিক্রি কমলেও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে ফক্সওয়াগন। ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের ইভির বিক্রি ৩২ শতাংশ বেড়ে ৯ লাখ ৮৩ হাজার ১০০ ইউনিটে পৌঁছেছে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত