ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াত অফিসে ১০ দলের বৈঠক

Passenger Voice    |    ০৩:১৫ পিএম, ২০২৬-০১-১৫


ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াত অফিসে ১০ দলের বৈঠক

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা। বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে এ বৈঠক শুরু হয়। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন।

এ বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলগুলোর পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ইসলামী আন্দোলনের কেউ যে বৈঠকে উপস্থিত হননি নিশ্চিত করেছেন জোটের একজন নেতা।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক মোহাম্মদ ফয়সাল বলেন, "আমাদের আমির মামুনুল হক সাহেব মিটিংয়ে বসেছেন, সেখানে ১০ দলের নেতারা আছেন।"বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকের কয়েকটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে। বৈঠকে উপস্থিত একজন নেতা ওই ছবির সত্যতা নিশ্চত করেছেন।

ছবিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটের শীর্ষ নেতাদের দেখা যাচ্ছে।

 

 

প্যা/ভ/ম