শিরোনাম
Passenger Voice | ০৬:২২ পিএম, ২০২৬-০১-১৪
মেট্রোরেলে যাতায়াত আরও সহজ ও ঝামেলাহীন করতে চালু হলো মোবাইল অ্যাপের মাধ্যমে র্যাপিড পাস রিচার্জের সুবিধা। এখন থেকে কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই স্মার্টফোন ব্যবহার করে যেকোনো সময় রিচার্জ করতে পারবেন মেট্রোরেলের যাত্রীরা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ধাপে ধাপে ডিজিটাল ও আধুনিক করার লক্ষ্যে নেওয়া উদ্যোগের অংশ হিসেবেই এই অ্যাপ চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলসহ বিভিন্ন গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারের অভিজ্ঞতা আরও দ্রুত, নিরাপদ ও ব্যবহারবান্ধব হবে।
ডিটিসিএ সূত্রে জানা গেছে, নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা র্যাপিড পাস বা এমআরটি কার্ডে অনলাইনে রিচার্জ করতে পারবেন। পাশাপাশি রিচার্জের বিস্তারিত ইতিহাস দেখা, কার্ডের ব্যালেন্স যাচাই এবং এনএফসি সমর্থিত স্মার্টফোন দিয়ে তাৎক্ষণিকভাবে ব্যালেন্স পরীক্ষা করার সুবিধাও মিলবে। পেমেন্টের ক্ষেত্রে বিকাশ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পাশাপাশি ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ড ব্যবহার করা যাবে।
অনলাইনে রিচার্জ করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে নির্ধারিত অ্যাপ ডাউনলোড করে একবার সাইন-আপ করতে হবে। যারা আগে থেকেই র্যাপিড পাসের ওয়েবসাইটে নিবন্ধিত, তারা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইন করলেই পূর্বে যুক্ত করা কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে, চাইলে নতুন কার্ডও সংযুক্ত করা যাবে।
অ্যাপের মাধ্যমে একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জের পর ব্যালেন্স কার্যকর করতে কার্ডটি অবশ্যই অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করতে হবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। এক কার্ডে একসঙ্গে শুধু একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। পেন্ডিং রিচার্জ বাতিল করতে চাইলে সাত দিনের মধ্যে আবেদন করা যাবে, সেক্ষেত্রে পাঁচ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটিসিএ’র সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
ডিটিসিএ জানিয়েছে, মোবাইল অ্যাপ চালুর ফলে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে রিচার্জ করতে পারবেন, যা যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়াবে। ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারের ক্ষেত্র আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত