শিরোনাম
Passenger Voice | ০৫:৪০ পিএম, ২০২৬-০১-১৪
সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে অবরোধ তুলে নিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে দীর্ঘক্ষণ স্থবির থাকার পর ওই এলাকায় আবারও যান চলাচল শুরু হয়।
এর আগে দুপুর থেকে ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করার পর বিকেলের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায়ে এখনো কোনো সুস্পষ্ট অগ্রগতি না থাকায় তারা জনভোগান্তির কথা চিন্তা করে আপাতত সড়ক ছেড়েছেন। শিগগিরই হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এর আগেও একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত