সাতকানিয়ায় বিএনপি নেতার গাড়িতে হামলার অভিযোগ

Passenger Voice    |    ০৪:৫০ পিএম, ২০২৬-০১-১৩


সাতকানিয়ায় বিএনপি নেতার গাড়িতে হামলার অভিযোগ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসিম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগে তিনি নিজেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে ১ নম্বর বিবাদীসহ সর্বমোট ১২ জনের নাম উল্লেখ ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে সাতকানিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

সোমবার (১২ জানুয়ারি) সাতকানিয়া থানায় এ এজহার দায়ের করা হয়।

এ ঘটনায় অন্যান্য বিবাদীরা হলেন, সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন (৫৫), বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি মো. আনিস উদ্দিন (৪৫), ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল (৩৮), মো. নাছির উদ্দিন (৫৫), জয়নাল আবেদীন জামাল (৬০), জয়নাল আবেদীন (৩০), শফিকুর রহমান (৪৮), মো. ইকবাল হোসেন (৬০), মোহাম্মদ আরিফ উদ্দিন (৫৬), মো. রনি (৩৫) ও এইচ এম রেজাউল করিম এবং ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা।

এজাহারে বলা হয়, গত (৮ জানুয়ারি) এম এ হাশেম রাজু কয়েকজন দলীয় কর্মী ও তার নিরাপত্তার স্বার্থে নিয়োজিত ব্যক্তিসহ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পুরানগড় ইউনিয়নে আয়োজিত একটি দোয়া মাহফিল সম্পন্ন করে গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলসহ বাজালিয়া ইউনিয়নের ভাঙা ব্রীজের পূর্ব পাশে পৌঁছালে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নির্দেশে অন্যান্য বিবাদীরা তাদের বহনকারী মাইক্রোবাসে হামলা করেন এবং গুলিবর্ষণ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ বিষয়ে এম এ হাশেম রাজু বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।