মাদারীপুরে কভার্ডভ‌্যানের চাপায় ভ‌্যানের নিহত ৩,অবরোধ-আগুন

Passenger Voice    |    ০২:৩৯ পিএম, ২০২৬-০১-১৩


মাদারীপুরে কভার্ডভ‌্যানের চাপায় ভ‌্যানের নিহত ৩,অবরোধ-আগুন

মাদারীপুর সদর উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি বাসস্ট‌্যান্ডে এ ঘটনা ঘটে বলে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার পর বিক্ষুব্ধরা ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করে।

পুলিশ জানায়, রাজৈরের টেকেরহাট থেকে একটি কভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাঝ পথে কভার্ডভ্যানটি একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

এদিকে অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা।

খবর পেয়ে সদর মডেল থানা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।

 

 

প্যা/ভ/ম