শিরোনাম
Passenger Voice | ০২:৩৫ পিএম, ২০২৬-০১-১২
কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামে শিল্প-কারখানা ও পর্যটন কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। কোরিয়ান ইপিজেড, চায়না ইকোনমিক জোন, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল), কাফকোসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার নারী-পুরুষ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী প্রতিদিন চট্টগ্রাম নগরী ও আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন সড়কে যাতায়াত করছেন।
এই বিপুল যাত্রী চলাচলকে টার্গেট করে দীর্ঘদিন ধরে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে সংঘটিত হচ্ছে ছিনতাই, ধর্ষণ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সন্ধ্যার পর এসব অটোরিকশা কার্যত হয়ে ওঠে চলমান অপরাধের বাহন। অভিযোগ উঠেছে, এসব অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট ট্রাফিক ও আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিনে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক, চাতরী চৌমুহনী, কেইপিজেড এলাকা ও আশপাশের রুট ঘুরে দেখা যায়, অধিকাংশ সিএনজির নেই কোনো নম্বর প্লেট, ড্রাইভিং লাইসেন্স কিংবা বৈধ কাগজপত্র।
এ বিষয়ে আনোয়ারা ট্রাফিক ইনচার্জ (টিআই) আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের জনবল খুবই কম। চারজন জনবল দিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। কতগুলো নম্বরবিহীন অটোরিকশা এ সড়কগুলোতে চলছে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর এসব অটোরিকশায় যাত্রীবেশে সংঘবদ্ধ অপরাধীরা ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে। গাড়ির কোনো নম্বর না থাকায় ভুক্তভোগীরা থানায় গিয়েও সঠিকভাবে মামলা করতে পারছেন না।
কোরিয়ান ইপিজেডে কর্মরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডিউটি শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরতে সবচেয়ে বেশি ভয় লাগে। নম্বরবিহীন অটোরিকশায় উঠলে জানি না কোথায় নিয়ে যাবে। আমরা জিম্মি হয়ে পড়েছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসে চাতরী চৌমুহনী রুটে যাত্রীবেশে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ছাড়া ডিসেম্বর মাসে অন্তত তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে একই রুটে।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব নম্বরবিহীন অটোরিকশা আনোয়ারা চাতরী চৌমুহনী ট্রাফিক বক্সের আশপাশেই অবস্থান করলেও রহস্যজনক কারণে ট্রাফিক পুলিশ নিরব ভূমিকা পালন করে।
টানেল মোড়ের ব্যবসায়ী মো. জাহেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্রাফিক বক্সের সামনেই নম্বর ছাড়া গাড়ি দাঁড়িয়ে থাকে। সবাই দেখছে কিন্তু কেউ কিছু করছে না।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগেই নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত