শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

Passenger Voice    |    ০৪:০৯ পিএম, ২০২৬-০১-০৮


শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর এই প্রথম জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ নিয়েছে বিএনপি।

বিএনপির সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সময় সকাল ১১টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুম এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক আমন্ত্রণ বার্তায় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

আমন্ত্রণ বার্তায় বলা হয়, নানা বাস্তব কারণে বিগত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা–সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই প্রেক্ষাপটে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।