শিরোনাম
Passenger Voice | ০৪:১১ পিএম, ২০২৬-০১-০৫
৫ কোটি টাকার বেশি দামের আমদানিকৃত স্ক্র্যাপ নিয়ে একটি লাইটারেজ জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে গেছে। অপর একটি জাহাজের সাথে সংঘর্ষের পর স্ক্র্যাপবাহী জাহাজ এমভি টিটু–৮ ডুবে যায়। গত শনিবার গভীর রাতে নগরীর মাঝিরঘাটের ঝুট র্যালি ঘাটের কাছে এই ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপের স্টিল মিলের স্ক্র্যাপ পরিবহন করছিল। এমভি টিটু–৮ নামের ডুবে যাওয়া জাহাজটির মালিকও আবুল খায়ের গ্রুপ।
নৌ পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, এমভি টিটু–৮ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আবুল খায়ের স্টিলের আমদানিকৃত স্ক্র্যাপ লোহা নিয়ে তীরের দিকে আসছিল। শনিবার রাতে ঘন কুয়াশার মধ্যে অজ্ঞাত একটি জাহাজের সাথে ধাক্কা লেগে স্ক্র্যাপবাহী জাহাজটির ডান পাশের মাঝ বরাবর ফেটে যায়। এরপর সেটি ডুবে যায়।
জাহাজে থাকা ১৩ জন নাবিককে একটি লাইটারেজ জাহাজ উদ্ধার করেছে। জাহাজটিতে ১২শ টন স্ক্র্যাপ ছিল। তবে ডুবে যাওয়ার আগে ওই কোম্পানি অপর একটি জাহাজ যোগাড় করে বেশ কিছু স্ক্র্যাপ লোহা খালাস করে নেয়। ডুবে গেলেও ভাটার সময় জাহাজটির কিছু অংশ ভেসে ওঠে। এটিকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের জন্য বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোম্পানিকে নোটিশ দিয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটি বন্দর চ্যানেলে নৌ চলাচলে কোনো সমস্যা করছে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত