শিরোনাম
Passenger Voice | ১০:২৯ এএম, ২০২৬-০১-০৫
ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে।
এর আগে রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। শীতের রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী ও চালক-সহকারীসহ বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে সকাল ৭টা ১০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত