শিরোনাম
Passenger Voice | ০৬:৩৮ পিএম, ২০২৬-০১-০৪
উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা এবং এয়ারক্রাফটের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ (লং টাইম মেনটেন্যান্স) প্রয়োজনীয়তার কারণে ঢাকা থেকে ম্যানচেস্টার রুটের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে।
এ ক্ষেত্রে ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ অন্যান্য বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এজন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বোসরা ইসলাম জানান, সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি জানানো হয়েছে, ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত