শিরোনাম
Passenger Voice | ০৫:৩০ পিএম, ২০২৬-০১-০৪
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের মধ্য অধিকাংশ রোহিঙ্গা বলে জানা গেছে। শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আজ রোববার বিকেলে নৌবাহিনীর গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী সূত্র জানায়, সেন্টমার্টিন্স দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নৌবাহিনীর তাৎক্ষণিক ধাওয়ায় বোটটি আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দালালচক্রের মাধ্যমে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল। বোটটিতে দালালচক্রের ১০ জন সদস্যও ছিল। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, আটক বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানি কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে সেই বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও চোরাচালান রোধ এবং সমুদ্রপথে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত