শিরোনাম
Passenger Voice | ০৭:১২ পিএম, ২০২৫-১২-২৭
দলীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ (হালিশহর- পাহাড়তলী-পাঁচলাইশ) আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও এখন তিনি নির্বাচন করবেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে। আর চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচন করবেন বর্ষীয়ান নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্য।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।’
এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চট্টগ্রাম-১০ আসনে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতদিন চট্টগ্রাম-১১ আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। ওই আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমান মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকর্মীকে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সময়ে সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দ মিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত