মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়বে তারেকের ফ্লাইট

Passenger Voice    |    ০৪:৫২ পিএম, ২০২৫-১২-২৪


মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়বে তারেকের ফ্লাইট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। দলেরে স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশ বিমানের এ নিয়মিত ফ্লাইটে তারেকের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকছেন। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন, যিনি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়কও।

তিনি বলেন, ‘‘ আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ।” ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠানটির আয়োজন করেছে বিএনপি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘‘ এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।” এরপর তিনি চলে যাবে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তারেক রহমান গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসায় যাবেন। এই বাসায় তারেক রহমান থাকবেন।